কাপ্তাইয়ে পাহাড়ধস, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে।
এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য পাইসুইখই মারমা। তিনি বলেন, অতিবৃষ্টির ফলে গত রাতের যেকোনো সময় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়ায় পাহাড় ধসের কারণে বর্তমানে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসাবে দংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছে।
এ বিষয় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম জানান, আজ সকালে উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানান তিনি।
এএইচ
