ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবক ৩ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহেভাজন হিসেবে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

পুলিশ আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই যুবক হলেন- সাহেদুল ইসলাম এবং রিশাদ তায়ানী।

সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার (সিঙ্গাপুর) পুলিশ তাদের আটক করে। বুধবার বিমানযোগে সিঙ্গাপুর পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসের কাছে প্রেরণ করে। সিটিটিসি কর্তৃপক্ষের বিমানবন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। 

পরে তাদের হেফাজতে নেয় পুলিশ।

বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল মর্মে জানায়। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা, কোনো ইলেকট্রনিক্স ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কিনা, জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোন কোন সংগঠনের সাথে জড়িত কিনা তা জানার জন্য আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্তকর্তা।

এএইচ