ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে রাজস্ব আহরণের পরিস্থিতি আশাব্যঞ্জক। রাজস্ব আদায় খুবই ভালো হবে। এনবিআর-এর সবাই প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, আমরা নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।’

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য এনবিআর-এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের সমস্যাগুলো বোঝা ও সেগুলোর সমাধানে সরকার নিয়মিতভাবে ব্যবসায়ী সমাজের সঙ্গে যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেন, ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার ইতোমধ্যেই বেশ কিছু নিয়ন্ত্রণ শিথিলকরণমূলক পদক্ষেপ নিয়েছে। যেসব সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলোর সমাধানেও আলোচনা অব্যাহত রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

এএইচ