ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিক গীর্জায় হামলা, খ্রিস্টানদের ভয়ভীতি প্রদর্শন, ধর্মীয় উপাসনায় বাধা এবং ধর্মান্তরের চাপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ)। সংগঠনটি এসব ঘটনাকে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকারের ওপর গুরুতর আঘাত উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সংগঠনের এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও ধর্মীয় অধিকারকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। 

তারা বলেন, প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও উপাসনার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাস গ্রামে উগ্রবাদী ব্যক্তিদের একটি দল 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে একটি গীর্জায় হামলা চালায় এবং গীর্জার ক্রুশ ভেঙে ফেলে। এছাড়া একই জেলার সোনাপুর এলাকার একটি গীর্জাতেও হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া মুর্শিদাবাদ জেলায় এক খ্রিস্টান বিধবাকে ধর্ম পরিবর্তনের জন্য হুমকি দেওয়া এবং মন্দির নির্মাণের উদ্দেশ্যে তার জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগের কথাও তুলে ধরা হয়। অন্যদিকে বাঁকুড়া জেলায় একটি প্রার্থনা সভায় বাধা দেওয়া, বাইবেল জব্দ করা এবং উপাসকদের আটকে রাখার ঘটনাও উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে সংগঠনটি।

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বলেছে, বিচ্ছিন্ন নয়, বরং ধারাবাহিকভাবে এমন অভিযোগ সামনে আসা ধর্মীয় সহনশীলতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। সংগঠনটি ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে ভারত সরকারের প্রতি সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের জীবন, উপাসনালয়, সম্পত্তি এবং ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের পক্ষে জনসংযোগ ও যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যানোনিমাস পিআরসিএম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এএইচ