ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬,   আষাঢ় ২৭ ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হলেন সাবরিনা শুভ্রা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য গঠিত অনুদান কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা শুভ্রা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ (সংশোধিত) নীতিমালা অনুযায়ী গঠিত এ কমিটির বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে রয়েছেন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।

এ ছাড়া চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লেখক সাবরিনা শুভ্রা, অভিনেত্রী মেহেরবা মাহনুর চাঁদনী, অভিনেতা সাজ্জাদ হোসেন (দোদুল) এবং লেখক মো. আরিফুর রহমান।

নীতিমালা অনুযায়ী, কমিটি সরকারি অনুদানের জন্য জমা পড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাই করে উপযুক্ত প্রকল্প নির্বাচন করবে। পাশাপাশি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ অগ্রগতি তদারকি, অর্থ ছাড়সংক্রান্ত সুপারিশ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

সাবরিনা শুভ্রা লেখক, সাংবাদিক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউএসএইড (USAID) ও যুক্তরাজ্যের ইউকেএইড (UKAID)-এর প্রশিক্ষণপ্রাপ্ত পলিটিক্যাল মাস্টার ট্রেইনার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং জাতীয় দৈনিকে সম্পাদনা-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা করছেন।