ঢাকা, রবিবার   ১২ জুলাই ২০২৬,   আষাঢ় ২৮ ১৪৩৩

সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় জমির উদ্দিন সরকারের জানাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১২ জুলাই ২০২৬ রবিবার

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা আজ রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাযা শেষে সংসদের নির্ধারিত চত্ত্বরে তাকে সমাহিত করা হবে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

এএইচ