নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার
নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘একতা এক্সপ্রেস’ (৭০৫ আপ) লাইনচ্যুত হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আপ ও ডাউন উভয় রেললাইন বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচি মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস থেকে আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশৈলা এলাকায় ঘটেছে।
ঘটনার খবর পেয়ে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত লাইন ক্লিয়ার করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।
তবে রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এএইচ
