ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২৯ ১৪৩৩

১৮ বছর পর ব্যবসায়ীকে হত্যায় স্বামী-স্ত্রী-মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

সিরাজগঞ্জে খেজুর রস ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তাদের মেয়েসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী ওরফে টুক্কা, তার স্ত্রী সেলিনা খাতুন ও তাদের মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের বাসিন্দা হায়দার আলী ও একই গ্রামের সেলিমের স্ত্রী হোসনে আরা খাতুন। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে রস ব্যবসায়ী জাহাঙ্গীর শেখকে হত্যা করা হয়। তদন্ত শেষে ২০০৮ সালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ ১৮ বছর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এএইচ