ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬,   আষাঢ় ৩০ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বক্তব্যে ফুঁসে উঠেছে কুমিল্লার এইচএসসি পরীক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়াসহ তিনদফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচি থেকে এইচএসসি পরীক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে- প্রথম দাবি হলো দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষার স্থগিত থাকবে। দ্বিতীয়ত ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে। তৃতীয়ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।

এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে রওয়ানা দিলে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচিতে এইচএসসি পাস করা এক শিক্ষার্থী বলেন, গতকাল শিক্ষার্থীরা কোমর পানি পাড় হয়ে পরীক্ষা দিয়েছে। তাদের আর্তনাদ কেউ দেখেনা। তাদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, গতকালের এইচএসসি পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এই পরীক্ষাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তির সময় এই পরীক্ষার জিপিএ কাউন্ট করা হয়। 

উল্লেখ্য, গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমর সমান পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অভিভাবক এবং শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এজন্য তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতাকে দায়ী করেন।

এএইচ