ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬,   আষাঢ় ৩০ ১৪৩৩

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এরপর শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সেখানেও ধাওয়া দেয়।

জানা গেছে, সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার এক পর্যায়ে সংসদ ভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল। সে সময় পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘‘যেহেতু সংসদ চলছে। এ সময় এখানে কোন প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ। তারপরও শিক্ষার্থীরা এখানে এসেছে। আমরা ধৈর্য দেখিয়েছি। এরপর আমাদের পুলিশের ওপর তারা ইটপাটকেল ছুঁড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চেয়েছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’’

সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সে সময় সংসদের অধিবেশন চলাকালে ভবনের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এএইচ