ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬,   আষাঢ় ৩১ ১৪৩৩

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টার পর তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। 

শিক্ষা ভবনের সামনে পৌঁছলে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছে। এখন শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। নানা স্লোগান দিচ্ছেন।

এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে, বুধবার দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। 

শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবি এখনও পূরণ হয়নি। তাই আমরা দাবি জানাতে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এএইচ