শিক্ষা ভবন থেকে সরে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার
কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান। এর পর সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের আটকে দেয়। পরে তাদের ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।
ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো:
১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।
২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবেন, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।
৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।
৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে।
৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।
৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।
তবে শাহবাগে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তারা। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে রওনা দেন। বিকাল ৪টার দিকে তাঁরা শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। পরে সেখানেই অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘন্টা অবস্থান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা শাহবাগ মোড়ের দিকে আসেন।
প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ বাংলাদেশের কয়েকটি জায়গায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
এএইচ
