উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২১ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
রাজধানীর উত্তরায় বাসের চাপায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত দু’জনই আগামী শনিবার অনুষ্ঠেয় উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বুধবার গভীর রাতে খেলা দেখে বাসায় ফেরার পথে উত্তরা জসীম উদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি বেপরোয়া গতির বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু (৬২) ও শাকিবুল হাসান (৩৫)।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মানসুর জানিয়েছেন।
নিহত দু’জনই আগামী শনিবার অনুষ্ঠেয় উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রাণের বাংলাদেশ এর রবিউল আলম রাজু প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ২ সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এএইচ
