ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১ ১৪৩৩

সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাকের ওপর নির্ভরশীল নয়: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল হবে না; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার উল্লেখ করে রায় দিয়েছে হাইকোর্ট। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এ রায় দেন।  

রায়ে বলা হয়েছে, আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না।

এর শুরু ২০১১ সালে একটি বিয়ের মাধ্যমে। পরবর্তীতে সেপারেশন হয়ে যায় এই দম্পতির। স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা হয় আদালতে। স্বামীর দাবি তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু বাগড়া বাধে তখন যখন ফ্যামিলি কোর্টে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণ অবশ্য পালনীয় আদেশ প্রদান করেন। 

পরবর্তীতে নতুন আরও একটি মামলা দায়ের করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের অবশ্য পালনীয় আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত সেই আবেদনও খারিজ করলে মামলা গড়ায় হাইকোর্টে। 

তবে হাইকোর্ট শুনানি শেষে হাইকোর্ট সাফ জানিয়ে দেন মা-বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।

হাইকোর্ট আরও বলেন, আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। 

আদালত রায়ে আরও বলেন, বিয়ে, তালাক, দেনমোহর বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার পারিবারিক আদালতের। 

রায়ে আদালত বাদি নজরুল ইসলামের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে নিম্নআদালতের রায় বহাল থাকলো। একই সাথে ১০ বছরে ধরে স্ত্রী ও কন্যার ভরণ পোষণ পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এএইচ