ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ২ ১৪৩৩

চেতনানাশক মেশানো দধি খাইয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার

গাজীপুরের পাকুরিয়ায় দধিতে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে অচেতন করে, কিশোরীকে ধর্ষণচেষ্টার প্রধান অভিযুক্ত রাশেদুল পালোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ৫ জুলাই গভীর রাতে ভুক্তভোগীদের বাড়িতে চেতনানাশক মিশ্রিত দধি পাঠানো হয়। তা খাওয়ার পর মা ও কিশোরী মেয়ে অচেতন হয়ে পড়লে ভোররাতে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্তরা। 

এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা।

জয়দেবপুর থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে জয়দেবপুর থানায় রাশেদুল পালোয়ান ও অভি দাস নামে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এই মামলায় রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ