নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি: ডেপুটি স্পীকার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:২০ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার
২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পর নবনির্বাচিত জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
তিনি বলেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম মূল ক্ষেত্র। আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সংসদই তার দিকনির্দেশনা দেবে।
তিনি আরো বলেন, সরকারি ও বিরোধী দল—উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।
ডেপুটি স্পীকারের এই সফরকালে সেখানে এক সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এর আগে, বাগেরহাট ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ডেপুটি স্পীকার ভাঙ্গায় এসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এএইচ
