ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ৩ ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, ৭ জনকে বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা; এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা।

এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসে  তারা তাদের রিপোর্ট পেশ করবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় পাহারায় থাকা কারারক্ষীদের তদারকিতে ঘাটতি দেখা দিলে সেই সুযোগ কাজে লাগান রিম্পা। তিনি চতুরতার সঙ্গে কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর পরই পুরো কারাগারে চিরুনি তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। তবে তার কোনো সন্ধান না মেলায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজেই রিম্পার সীমানা প্রাচীর পার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এএইচ