বড় অংকের অর্থ পুরস্কার পেল চ্যাম্পিয়ন স্পেন, অন্যরা কী পেল?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২০ জুলাই ২০২৬ সোমবার
বিশ্বকাপের ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। শিরোপা জিতে বড় অংকের অর্থ পুরস্কার পেয়েছে স্প্যানিশরা। ২৩তম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৫ কোটি ডলার পেয়েছে স্পেন দল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৫ কোটি টাকা।
রোববার রাতে ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। তারা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি টাকা।
গত ডিসেম্বরে ফিফা ঘোষণা দিয়েছিল, ২৩তম ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজানি থাকছে। ৮৭ কোটি ১০ লাখ ডলার নির্ধারণ করেছিল ফিফা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। যা গত বিশ্বকাপের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার।
গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। গতবার রানার্স-আপ দল ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।
এবার তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স জিতেছে ২ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড বাদ পড়ে। প্রত্যক দল ১ কোটি ৯০ লাখ ডলার, যা প্রায় ২৩৩ কোটি টাকা করে পাবে।
শেষ ষোলো থেকে বাদ পড়ে আট দল- প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া। এই আট দলই প্রত্যেকে ১ কোটি ৫০ লাখ ডলার করে পাবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা।
শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার বা ১৩৫ কোটি টাকা। দলগুলো হল- নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল, কেপ ভার্দে।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর জন্যও প্রাইজমানি রেখেছে ফিফা। গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করা উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া ও ইরাক পাবে ৯০ লাখ ডলার বা প্রায় ১১০ কোটি টাকা।
এছাড়া বিশ্বকাপের শুরুতে প্রস্তুতিমূলক খরচ বাবদ সব দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।
এএইচ
