সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউর রহমান হত্যার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটর আবেদন করলে এ আদেশ দেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর আত্মগোপনে থাকা সাবেক মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে নেয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
গত বুধবার (১৫ জুলাই) রাতে বনানীর একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ তাকে আটক করে এবং পরদিন বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া হত্যার মুহূর্তে তার কাছেই উপস্থিত ছিলেন মোজাফফর।
নথিপত্র অনুসারে তিনি ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে একমাত্র তিনিই বর্তমানে জীবিত আছেন।
এএইচ
