খুলনায় পরিত্যক্ত ঘর থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১০ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে স্থানীয়দের খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া পালিত হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়া দেওয়া ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো রঙের জিন্সের প্যান্ট ছিল। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “উদ্ধার হওয়া লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এমআর//
