ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬,   শ্রাবণ ৮ ১৪৩৩

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কীভাবে—ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে এমন প্রশ্ন রেখে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘কী চমৎকার যুক্তি! একই ডেকচিতে গোশত পাকানো হয়েছে। গোশতের ঝোল হলো হারাম আর গোশত হইল হালাল। কী আশ্চর্য ব্যাপার!’

জামায়াতের আমির বলেন, ‘হারাম হইলে তো দুটোই হারাম। হালাল হইলে দুটোই হালাল। যদি গণভোট হারাম হয়, তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হইলে এখন এই দেশে কোনো সরকার নেই।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্য বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের দেরি হয়েছে, সমস্যা নেই, বাস্তবতা মেনে নিন। জনগণকে সম্মান দেখালে, জনগণও আপনাদের সম্মান ও গ্রহণ করবে।’

জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ হতে হবে। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা এবং সম্মানজনকভাবে পুনর্বাসন করতে হবে। জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করতে সরকারের প্রতি দাবি জানান শফিকুর রহমান।

মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।

এমআর//