ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬,   শ্রাবণ ৯ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে: স্পিকার হাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার

অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকারের বরাবর পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকাল ৫টায় এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্পিকার। এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি’।

সংবাদ ব্রিফিংয়ে স্পিকার বলেন, ‘বিভিন্ন রোগের কারণে তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। শপথে বলা থাকে, এই পদ কখনও শূন্য থাকে না।’

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, একজন রাষ্ট্রপতি অসুস্থ হতে পারেন এবং তিনি লিখিতভাবে তাঁর অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি আশা প্রকাশ করেন, এই পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে সব ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হবে।

তিনি আরও বলেন, সংবিধানের বিধান অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সই করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দফতরে পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন। 

এএইচ