বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি পরিকল্পিতভাবে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করিয়েছে।
তিনি বলেন, “শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টায় নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি; তারা ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আস্থার ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ বললেও এখন তাদের অবস্থান হয়েছে ‘সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি’, যা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, সরকার গঠনের আগে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তারা ‘জুলাই সনদ’ ভুলে গেছে। বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি এবং নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছ ধরা নিষিদ্ধ করা হলেও ক্ষতিগ্রস্তদের জন্য কোনো প্রণোদনা দেওয়া হয়নি। পাশাপাশি ভারত থেকে নেমে আসা পানিতে ফসল নষ্ট হলেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ সময় হাওর অঞ্চলের মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সভা শেষে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগকে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় তাকে বিজয়ী করতে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এমআর//
