ধামরাইয়ে বাসের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে এর পেছনে থাকা একটি কভারভ্যানও গতি কমিয়ে দেয়। একই সময় কভারভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থামার চেষ্টা করে।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’ নামের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চলে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় যে দুজন ব্যক্তি এসেছে তাদেরকে ইমারজেন্সি চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ ও কাছে থাকা আইডি কার্ডের মাধ্যমে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। দুর্ঘটনায় চারটি যানবাহন ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হাইওয়ে পুলিশ করবে।
এমআর//
