বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার
দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। পদত্যাগের পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশান-১ এলাকার নিজস্ব বাসভবনে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি।
শুক্রবার ২৪ জুলাই তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
গুলশান-১-এর ১২৩ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়ি ‘গ্রীন ভিলা’-য় বর্তমানে সংস্কার ও পরিচর্যার কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুলাই তিনি স্ত্রী-সন্তানসহ ওই বাসভবনে উঠবেন।
তবে রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন বাসভবনে স্থানান্তরের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি পদে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। অর্থাৎ দুই বছরের বেশি সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক প্রাধান্য পাবেন না। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন-নির্ধারিত অবসরভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
২০১৬ সালের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে নির্ধারিত সময় দায়িত্ব পালন শেষে পদত্যাগ বা মেয়াদ শেষ হলে সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধার বিধান রয়েছে।
এএইচ
