ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১১ ১৪৩৩

‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৬ জুলাই ২০২৬ রবিবার

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পর একটি মোবাইল ফোনালাপ (অডিও ক্লিপ) ফাঁস হলে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে এ ঘটনার জেরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো বিষয়ও যুক্ত হয়।

এর আগে একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের ২০ জুলাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, একই ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারে সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় ঢাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধেও আলাদা একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উসকানির মামলায় রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলা এ মামলায় এদিন ২৭ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার।

এমআর//