ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১১ ১৪৩৩

চুরির অপবাদ দিয়ে নারীকে তুলে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৬ জুলাই ২০২৬ রবিবার

শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে এক মধ্যবয়স্ক নারীকে বাড়ি থেকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নির্যাতিত নারীর ছেলে গোলাম রাব্বি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে দুই লাখ টাকা নগদ ও চার ভরি স্বর্ণালংকার হারিয়ে যায়। এ অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৩ জুলাই) ছয়গাঁও এলাকার আবুল শেখের স্ত্রী ও ছয় সন্তানের জননী নারগিস বেগমকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীরা। 

পরে ওই নারীর দুই হাত বেধে আটকে রেখে কয়েকজন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। নির্যাতনের সময় বার বার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানান নারগিস বেগম। 

মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীদের নির্যাতন থামেনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এএইচ