ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২৬ সোমবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২৬ সোমবার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর 'খ' ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় উক্ত বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী-এর সুপারিশের প্রেক্ষিতে এই বরখাস্তের আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা ভিডিও ফুটেজ এবং তার অতীত হিস্টরি দেখে আমাদের কাছে সত্যতা প্রতীয়মান হয়েছে। সরকারি যে বিধি আছে, সেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার থেকে তিনি অফিস করতে পারবে না।
এর আগে রোববার (২৬ জুলাই) বিকালে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অফিসের চেয়ারে বসে টাকা গুনে গুনে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায় ‘উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।’
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরৎ দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরৎ নেওয়ার সময়কার ভিডিও বলে তিনি দাবি করেন।
তবে তিনি ধারের টাকা ফেরৎ দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজী হননি।
এএইচ
