এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৯ জুলাই ২০২৬ বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আবেদনটি সিএমপি) কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ।
আজকের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়িয়েছেন এবং তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন। তবে হাইকোর্টের রায়টির বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে একটি সিএমপি (সিভিল মিসলেনিয়াস পিটিশন) ফাইল করা হয়েছিল। সে সিএমপি’র ওপর আপিল বিভাগে দুই দিন শুনানির পর আজ আদেশের দিন ধার্য ছিল।’
তিনি বলেন, অন্যদিকে হাইকোর্টের দেওয়া আগের রায়টি গতকাল পূর্নাঙ্গ প্রকাশিত হয়। এই প্রেক্ষাপটে আজ আপিল বিভাগ জামায়াতের প্রার্থীর (সিএমপি) কার্যতালিকা থেকে বাদের আদেশ দেন। এখন অপর পক্ষ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে (সিপি) নিয়মিত আপিল করতে পারবেন।
আজকের আদেশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের আজকের আদেশের পর এটা বলতে পারি যে সরোয়ার আলমগীর এমপি হিসেবে যে শপথ নিয়েছেন বা পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন সেটি অব্যাহত রাখতে এবং তার দায়িত্ব পালনে কোন বাধা থাকল না।
আদালতে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সরোয়ারের আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনে (ইসি)। তবে প্রার্থিতা ফিরে পেতে সরোয়ার আলমগীরের করা রিটশুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে স্থগিত রাখা হয়।
একপর্যায়ে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসি’র সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের সে রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়।
সেদিন সন্ধ্যায় সরোয়ার আলমগীর সংসদ সদস্যের শপথ নেন।
এএইচ
