ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৪ ১৪৩৩

পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৯ জুলাই ২০২৬ বুধবার

জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

বুধবার রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জের কামাইছডা পুলিশ ক্যাম্পে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে তারা অভিযোগ দায়ের করেন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে প্রধান অভিযুক্ত করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতিকে।

এই অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ। তিনি বলেন, “এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি প্রসেসিংয়ের ভেতরেই আছে। এনসিপি নেতারা অভিযোগ দিয়ে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন”।

পথে পথে এনসিপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার মি. মাহমুদ বলেন, “যেহেতু একটা উত্তেজনা ছিল, ১৪৪ ধারা জারি ছিল, তাই তাদের নিরাপত্তার স্বার্থেই পুলিশ কিছু জায়গায় বাধা দিয়েছে”।

এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা দেয় পুলিশ। এই তিনটি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই আরেক দফা বাধার মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতারা।

হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িবহর আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা।

পরে রাতে পুলিশের কাছে অভিযোগ জমা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির সিনিয়র নেতারা।

গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়ি বহর নিয়ে সার্কিট হাউজে যাবার পথে সবুজবাগ এলাকায় পৌঁছলে নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলমের উপর হামলা চালায় একদল যুবক। 

এ সময় তাদের বহণকারী গাড়ি ভাংচুর করা হয়। এক পর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। 

পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। রাত ১১টায় সারজিস আলম মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। 

এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। 

এএইচ