ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৫ ১৪৩৩

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে এনসিপি'র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।’

সারজিস আলমও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে সারজিস আলম আরেকটি পোস্টে লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি'র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

এদিকে, সিলেটের পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে সিলেটের কানাইঘাটে য়াওয়ার পথে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির কাঁচ ভেঙেছে; কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। সে ব্যাপারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে সিলেটের দুটি উপজেলায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে সিলেটের ছয় উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন  জানিয়েছেন, এনসিপি'র কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসাথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।

সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেগুলো হলো– কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।।

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।

শুক্রবার আরও তিন উপজেলায় এ পদযাত্রা করার কর্মসূচি রয়েছে এনসিপির।

এএইচ