রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানিতে এই সিদ্ধান্ত হয়।
রিহ্যাবের সহ-সভাপতি-১ মোহাম্মদ আখতার বিশ্বাস গত ২৭ জুলাই প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই গুরুত্বপূর্ণ নীতিগত, প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, গঠনতন্ত্র লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখা সংশ্লিষ্ট পক্ষকে শুনানির জন্য তলব করে। শুনানিতে মোট ১২টি অভিযোগ নিয়ে আলোচনা হয়।
এর মধ্যে ছিল—পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া প্রায় ২ কোটি টাকা ব্যয়ের অভিযোগ, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠনে অনিয়ম, এজিএম আয়োজন, নিয়োগ ও চাকরিচ্যুতি, মেলা আয়োজন, বোর্ড সভা ও সিদ্ধান্ত গ্রহণসহ একাধিক সাংগঠনিক বিষয়।
শুনানি শেষে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রিহ্যাবের নিজস্ব ফোরামে এসব অভিযোগ নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
অন্যদিকে, রিহ্যাব সভাপতির বিরুদ্ধে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই হিসাব বহির্ভূত প্রায় ২ কোটি টাকা ব্যয়ের অভিযোগের তদন্ত চলবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এএইচ
