ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৫ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র বিশেষ প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

মুক্তির আগেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার বিশেষ প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীকে ঘিরে স্টার সিনেপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। 

নতুন গল্প, আধুনিক প্রযুক্তি এবং চমকপ্রদ ভিজ্যুয়াল অভিজ্ঞতার এক ঝলক দেখতে এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, মার্ভেলপ্রেমী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সিনেমা শুরুর আগেই দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরেই মার্ভেলের নতুন এই সিনেমার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকেই শুরু হয়েছে নতুন সিনেমার গল্প। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর কেউ আর পিটার পার্কারকে চেনে না। একাকী জীবনের পাশাপাশি নতুন শত্রু ও অজানা সংকটের মুখোমুখি হয়ে আরও কঠিন এক অভিযানে নামতে হয় স্পাইডার-ম্যানকে।

সিনেমায় স্পাইডার-ম্যান চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরেছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং মার্ক রাফেলো। পাশাপাশি নতুন কয়েকটি চরিত্র গল্পে যোগ করেছে রহস্য ও নতুন মাত্রা।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। স্ক্রিনএক্স প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি প্রেক্ষাগৃহের দুই পাশের দেয়ালেও দৃশ্য প্রদর্শিত হবে। ফলে দর্শকরা উপভোগ করতে পারবেন ২৭০ ডিগ্রির নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন অপেক্ষা আন্তর্জাতিক মুক্তির পর নতুন এই স্পাইডার-ম্যান অভিযান দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

এএইচ