ঢাকা, রবিবার   ০২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৮ ১৪৩৩

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা লুট

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ আগস্ট ২০২৬ রবিবার

কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রোববার দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মো. আরমান, তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। পরে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। 

এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত বিকাশ কর্মী মো. আরমান বলেন, “ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কিনা, তা তদন্ত করে দেখা উচিত। কারণ আমরা নগদ টাকা বহন করছি এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা আমার বোধগম্য নয়। এছাড়া ডাকাতরা গুলি ছুড়তে শুরু করার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

এএইচ