দালাল দিয়ে কাজ করানো, ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার | আপডেট: ০৪:২৪ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দালাল দিয়ে সরকারি কাজ করানো এবং দাপ্তরিক কাজে অবহেলার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া তাদের সাময়িক দরখাস্ত করেন।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন- কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহায়ক মুহাম্মদ মোস্তফা কামাল ও অফিস সহায়ক তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সকালে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান।
এসময়ে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোন কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না৷ এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে সেই অভিযোগের আলোকে কাগজপাতি যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেনি। কোন কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি।
এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান জেলা প্রশাসকের সাথে ছিলেন।
এএইচ
