৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানালেন জয়সওয়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৪১ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার
নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান যে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সোমবার) আনুষ্ঠানিকভাবে বলেছেন যেন শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চালাতে না দেওয়া হয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দিল্লিতে এমন একটি সম্মেলনের আগে এই বার্তা দেওয়া হলো। এই বিষয়ে ভারতের অবস্থান কি?
রনধীন জয়সওয়াল ওই প্রশ্নের উত্তরে বলেন, “যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সাথে সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।”
জয়সওয়ালের কাছে আরেকজন সাংবাদিক জানতে চান, ভারতে ব্রিকস সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ নাকি বিমসটেসের সভাপতি হিসাবে জানানো হয়েছে?
উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, “গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসাবে আউটরিচ সেসনে অংশ নেওয়ার জন্য ভারত তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে।”
“প্রচলিত রীতি অনুযায়ীই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে তাকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে। আঞ্চলিক অন্য নেতাদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে” বলেন জয়সওয়াল।
এএইচ
