ঢাকা, বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে সরকারি তোলারাম কলেজের সামনে কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কলেজে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া করেন। এতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করে। আমরা মৌখিকভাবে এর প্রতিবাদ জানাই। পরে তারা পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিজেদের সঙ্গে যুক্ত করে বহিরাগত ক্যাডারদের নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়েও হামলা করা হয়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজু  বলেন, “সকালে আলোচনা অনুষ্ঠানে যাওয়ার পর আমরা জানতে পারি ছাত্রদল পূর্বপরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ওপর হামলার প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষকরা আমাদের নিরাপদে কলেজ ত্যাগ করার পরামর্শ দেন। পরে আমরা সেখান থেকে চলে যাই। কিন্তু চাষাড়া এলাকায় পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে কলেজ রোড এলাকায় এলে আবারও তারা হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।”

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, “ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আমরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের শান্তিপূর্ণভাবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা ত্যাগ করার নির্দেশনা দিই। কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই তারা এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরো জানান, ঘটনার পর কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। উভয়পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ