ঢাকা, বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১১ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সংসদ সদস্যদের নাম সংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।

কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্র জানিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা আজ পেয়েছে নির্বাচন কমিশন। কমিশনে আজ এ ব্যাপারে আলোচনা হবে।”

ইসি সূত্র জানায়, পরবর্তী প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা। তবে এখন পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দ্রুতই নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহ করার অনুরোধ জানানো হয়।

সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এএইচ