ঢাকা, বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

তনু হত্যা: সাবেক সেনা হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৪ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের (৫২) জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যথায় পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্ট হাফিজুর রহমানকে যে জামিন দিয়েছিলেন, চেম্বার আদালত তা স্থগিত করেছেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।” 

আগামী রোববার বিষয়টি পরবর্তী আদেশের জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসবে বলেও জানান তিনি।

গত ২ আগস্ট কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 

অন্তর্বর্তী জামিন আদেশের পাশাপাশি হাফিজুর রহমানকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

ওই জামিন আদেশের পর আসামি কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পর এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ আসামির জামিন বাতিল চেয়ে আবেদন জানান।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি আজ আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে।

অ্যাটর্নি-জেনারেল কার্যালয় সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ২১ এপ্রিল বহুল আলোচিত কুমিল্লার তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৫২ বছর বয়সী হাফিজুর সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার।

২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। গ্রেপ্তারের পর সিআইডি তার ডিএনএ নমুনা সংগ্রহ করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। 

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটিত হয়নি।

এএইচ