ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

লিবিয়ায় অপহরণের শিকার হওয়া ১৩ বাংলাদেশি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার ইস্ট ত্রিপোলি শাখা।

এ ঘটনায় এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি বাংলাদেশি অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) লিবিয়া অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার পূর্ব ত্রিপোলি শাখা কর্তৃপক্ষ জানায়, লিবিয়ায় নতুন করে পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল একটি সংঘবদ্ধ চক্র। 

এ বিষয়ে তথ্য পাওয়ার পর তদন্তকারীরা গোপন অনুসন্ধান শুরু করেন। পরে অপহরণকারীদের অবস্থান ও সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে নির্দিষ্ট একটি স্থান থেকে ১৩ জন বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপহরণ ও মুক্তিপণের অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এমআর//