ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

মারা গেলো লিওনেল মেসির বাবা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০১ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। স্থানীয় সময় রাত ১০টায় রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। 

দেশটির সংবাদমাধ্যম ইনফোবায়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের অন্যতম প্রধান অভিভাবক।

মেসি যখন ছোট, তখন তার শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখেন হোর্হে। ছেলের প্রতিভা ও সম্ভাবনায় বিশ্বাস রেখে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে স্পেনে নিয়ে যায়, তখনও কঠিন সময়ে ছেলের পাশে ছিলেন হোর্হে।

বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতেও বাবার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলে মানিয়ে নেওয়ার কঠিন সময়ে ছেলের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন হোর্হে।

সময়ের সঙ্গে লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মেসির ক্যারিয়ারের উত্থান, সাফল্য এবং বিভিন্ন সংকট; সবকিছুতেই হোর্হে ছিলেন তার অন্যতম আস্থার মানুষ।

মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটিতেও বাবার ভূমিকা ছিল অনস্বীকার্য। বার্সেলোনায় মেসির দীর্ঘ সাফল্যের পথ তৈরি থেকে শুরু করে পরবর্তী সময়ে তার পেশাগত বিষয়গুলো সামলানো-সব ক্ষেত্রেই সামনে থেকে কাজ করেছেন হোর্হে।

বাবার এই মৃত্যু মেসির জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। কয়েক দশক ধরে যিনি ছিলেন একই সঙ্গে বাবা, পরামর্শদাতা ও এজেন্ট, সেই মানুষটিকেই হারালেন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা।