নিসচা সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বিশেষ সম্মাননা-২০২৬ পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচা’র ১১তম মহাসমাবেশে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাসচিব লিটন এরশাদসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি, আজীবন সদস্য, উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লায়ন মো. গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নিসচা গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ওই শাখার উপদেষ্টা।
নিসচা’র কেন্দ্রীয় কমিটিতেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৬-২০০৮ মেয়াদে নির্বাহী সদস্য, ২০০৮-২০১২ মেয়াদে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ২০১২-২০১৯ মেয়াদে যুগ্মমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯-২১ মেয়াদে এক নম্বর নির্বাহী সদস্য এবং ২০২২-২৩ মেয়াদে আবারও যুগ্মমহাসচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অষ্টমবারের মতো যুগ্মমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন গনি মিয়া বাবুল।
নিসচা’র পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করছেন তিনি। এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে মেলভিন জোন ফেলো (এমজেএফ) উপাধিসহ দুই শতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
পেশায় শিক্ষক গনি মিয়া বাবুল ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখেন। বর্তমানে তিনি ‘নিরাপদ নিউজ’-এর যুগ্ম সম্পাদক এবং ‘বাংলাদেশ সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা। গাজীপুরের শ্রীপুরে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি। তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফাউন্ডেশনটির মাধ্যমে অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
নিসচা বিশেষ সম্মাননা-২০২৬ পাওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা লায়ন মো. গনি মিয়া বাবুলকে অভিনন্দন জানিয়েছেন।
