ঢাকা, রবিবার   ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

বাক্সে জমানো ২ লাখ টাকা উইপোকায় কেটে ছিন্নভিন্ন, কৃষকের কান্না

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার

কষ্ট করে জমানো টাকা নিরাপদে রাখার জন্য কাঠের বাক্সে রেখেছিলেন কৃষক তোফাজ্জল হোসেন। কিন্তু সেই বাক্স খুলতেই চোখে পড়ল ভয়াবহ দৃশ্য—এক হাজার টাকার নোটের বান্ডিলে থাকা প্রায় ২ লাখ টাকা উইপোকায় কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

কৃষক তোফাজ্জল হোসেন ওই গ্রামের বাসিন্দা। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। দুই মেয়ের বিয়ে হয়েছে। তারা ঢাকায় চাকরি করেন।

পরিবারের ভবিষ্যৎ ও প্রয়োজনের কথা চিন্তা করে মেয়ের জামাইয়ের দেওয়া ৫০ হাজার টাকা, নিজের জমানো সঞ্চয় এবং জমি বন্ধক রেখে পাওয়া টাকা মিলিয়ে প্রায় ২ লাখ টাকা ঘরে থাকা একটি কাঠের বাক্সে রেখেছিলেন তোফাজ্জল।

কিন্তু অসাবধানতার কারণে সেই সঞ্চয়ই হয়ে গেল সর্বনাশের কারণ। বাক্স খুলে টাকা বের করতে গিয়ে দেখেন উইপোকায় কেটে নষ্ট করে দিয়েছে টাকার বান্ডিলগুলো।

কষ্টার্জিত সঞ্চয় এভাবে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল। একই সঙ্গে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রীও।

কৃষক তোফাজ্জলের হৃদয়ভাঙা আক্ষেপ— ‘অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম। কিন্তু উইপোকা সব শেষ করে দিয়েছে। এখন কীভাবে এই ক্ষতি সামলাব, বুঝতে পারছি না।' 

ঘটনাটি জানাজানি হলে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এএইচ