ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

অলি আহমদকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা, জানালেন নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার

১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করা হয়েছে। প্রার্থী দেওয়ার পেছনের রাজনৈতিক কারণ তুলে ধরেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে ক্ষমতাসীন বিএনপির অনীহার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠকে অলি আহমদকে প্রার্থী করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সনদ এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি কোনো আগ্রহ দেখায়নি। বরং তারা পূর্ববর্তী সরকারগুলোর প্রথাগত পথেই হাঁটছে। জোটের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে, রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মধ্য দিয়ে সম্পন্ন হবে। কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

বিরোধীদলীয় এই চিফ হুইপ আরও বলেন, ‘বিএনপি যদি সংস্কারের পথে অগ্রসর হতো, তবে সরকারি ও বিরোধী দল মিলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী দেওয়া সম্ভব ছিল। কিন্তু তারা সেই পথ পরিহার করায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে জামায়াতে ইসলামী জানিয়েছিল যে, সংখ্যাগরিষ্ঠতার বাস্তবতায় তারা প্রার্থী দেবে না। তবে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে ১১ দলীয় জোট তাদের অবস্থান পরিবর্তন করে অলি আহমদকে প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছে।

ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ রোববার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। 

এএইচ