ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

স্ট্রোকে সংকটাপন্ন রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার | আপডেট: ০৭:১১ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার

স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। 

জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন সাইমন। বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

সাইমনের সহপাঠী সৌরভ বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে যাই। পরে শিক্ষক ও সিনিয়র ভাইদের মাধ্যমে জানতে পারি, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল। 

চিকিৎসকরা জানান, এখানে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের সুযোগ না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া জরুরি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা তাকে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করি। চিকিৎসকদের মূল্যায়নে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর প্রয়োজন। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এয়ার অ্যাম্বুলেন্সে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”

এএইচ