ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ার হতাশায় রাজশাহীর বাগমারায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। 

সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, সে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে স্বজনেরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কারিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছিলেন। কী কারণে তার ফলাফল আশানুরূপ হয়নি, তা বলা কঠিন।

তিনি বলেন, ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। প্রয়োজনে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থেকে মানসিকভাবে সহায়তা করা জরুরি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এএইচ