ঢাকা, বুধবার   ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

সাভারে স্কচটেপে পেচানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০১:৫৪ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে গেল রাতের অভিযান শেষ হতে না হতেই সাধাপুরের গোপের বাড়ী এলাকায় একটি বোমার খবর চাউর হলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ বোমা সদৃশ বস্তুটিকে জব্দ করেছে। খবর দেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন‍্যাশনাল (সিটিটিসি) ইউনিটকে। 

স্থানীয়রা  জানান, রাতে অজ্ঞাতনামা তিন ব‍্যক্তি একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ গোপেরবাড়ি এলাকার লালটেক মসজিদের পাশের মাঠে বস্তুগুলো রেখে যায়। 

স্থানীয়দের এ ব‍্যাপারে সন্দেহ হলে আজ বুধবার (১২ আগস্ট) সকালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কালো স্কচটেপ পেচানো একটি প্রেসার কুকারে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়। প্রাথমিকভাবে এটিকে একটি ভয়ংকর বোমা বলেই তাদের কাছে মনে হচ্ছে বলে জানান। তবে নিশ্চিত হতে তারা সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়।

এ ব‍্যাপারে সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এ ব‍্যাপারে সঠিক ধারণা পাওয়া যাবে।

তিনি বলেন, একের পর এক এ ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য কিনা সে ব‍্যাপারটি নজরে এনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এছাড়াও সিসিটিভি  ক‍্যামেরা পর্যবেক্ষণ করেও জড়িতদের সনাক্তের কাজ চলছে বলেও তিনি জানান।

এএইচ