‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ কইরছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার
'আঁই পৌর বিএনপির সেক্রেটারী। আমার নাম ব্যানারে আসে নাই। আমনে কন পলাইশশ্যা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া (টাকা) খরচ করে হালাইছি।'
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ ওই উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে মোবাইলফোনে এসব কথা বলেন।
তিনি হুমকি দিয়ে বলেন, ‘আমি পানিওয়ালা যামু না, তোরা এইকগাও (একজনও) পৌরসভায় আসবি না।'
একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পেরে তিনি এসব কথা বলেন। এ ঘটনার কলরেকর্ড স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যদিও কলরেকর্ডটি আরও কয়েক মাস পূর্বের বলে জানা গেছে।
এদিকে বিএনপি নেতা পলাশের হুমকিমূলক মন্তব্যের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন অপরপ্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ ভূঁইয়া। মারুফ বারবারই বলেছেন, ‘আমি কিছু বলিনি।’ একপর্যায়ে দু’জনই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এতে অকথ্য ভাষায় গালমন্দ করতেও শোনা যায়।
কলরেকর্ডের কিছু অংশে বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা (পানিওয়ালা) স্কুলে যাই আঁই পৌর বিএনপির সেক্রেটারী প্রধান অতিথি ওইতে হারিনো, আমনে কন পলাশ কে? আমনে কি, সাংগঠনিক রাজনীতি কি বৃদ্ধাঙ্গুলি দিবেননি আমনে মারুফ ভূঁইয়া। আমনে বলে কইছেন, পলাইশশা কে?’
‘আমনে যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আমনে ইউনিয়ন বিএনপি কিভাবে করবেন। আমার নাম কেন আসে নাই ব্যানারে প্রধান অতিথি হিসেবে? আমনে কইছেন পলাইশশা কে? আমি পানিওয়ালা যামু না, এটা আমি বলছি। তোরা এইকগাও আসবি না পৌরসভায়। আঁই প্রধান অতিথি কেন হইতে পারিনো।’
‘এ মারুফ ভূঁইয়া সাংগঠনিক রাজনীতি যদি না বুঝেন, তাহলে করিয়েন না। আঁই পৌর বিএনপির সেক্রেটারী, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া (টাকা) খরচ করে হালাইছি। আমনে বলেন পলাইশশা কে? আপনি পানিওয়ালাতে আসেন, সেখানে কথা হবে’।
হুমকির প্রসঙ্গে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ঘটনাটি পুরনো। পরে আমি জানানোর পর সিনিয়র নেতারা বসে সমাধান করে দিয়েছেন। পলাশ আমাকে 'সরি' বলেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন হয়। এতে ভোটে শেখ কামরুল ইসলাম সভাপতি ও গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এএইচ
