ঢাকা, শুক্রবার   ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করছেন সিএনজি চালকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:১২ এএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সিএনজি চালকদের সড়ক অবরোধ

সিএনজি চালকদের সড়ক অবরোধ

গ্যাসের সংকট এবং একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে।

এক অটোরিকশা চালক বলেন, রাতভর অপেক্ষা করেও তিনি গ্যাস পাননি। গ্যাসের অভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমা (দৈনিক ভাড়া) তোলার পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের।

আরেক চালক জানান, গ্যাস সরবরাহে অনিয়মের কারণে অনেক চালক গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে অবরোধের কারণে জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে আছে। ভোগান্তি এড়াতে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।