এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইং-এর সহকারী পরিচালক বা উপ-পরিচালক বা পরিচালকগণ এনআইডি জন্ম তারিখ সংশোধন আবেদন নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, পরিচালক (অপারেশন্স), মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষা সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন 'ক' ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইং এর সহকারী পরিচালক বা উপ-পরিচালক বা পরিচালকগণ নিষ্পত্তি করতে পারবেন।
শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি/দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এসওপি [২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নং ১৭,০০,০০০০. ০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১] অনুসরণ করতে হবে।'
সংশোধনের আবেদন ইলেকট্রনিকালি অনুমোদন/বাতিলের ক্ষেত্রে সিএমএস-এ আবশ্যিকভাবে নোট দিতে হবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তাদের অধীনস্থ কর্মকর্তাগণ কর্তৃক সম্পন্নকৃত কার্যক্রম মনিটরিং করবেন এবং দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম ৩টি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কিনা, তা সংযুক্ত ছকে প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরিচালক (অপারেশন্স) এর ইন্টারনাল একাউন্টে প্রেরণ করবেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে, জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখসহ নিজ নাম ও পিতা/মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনসংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।
জন্ম তারিখ, নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।
এ পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এএইচ
